ডানকুনিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে চরম মানসিক চাপে এক প্রবীণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতের নাম শেখ আনোয়ার (৬৯)। তিনি ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বারবার শুনানির ডাক এবং নাম বাদ পড়ার আশঙ্কাই তাকে ভেঙে দেয়।
পরিবার সূত্রে জানা যায়, ভোটার তালিকা পুনর্বিবেচনার অংশ হিসেবে আনোয়ার সাহেবকে একাধিকবার হাজিরা দিতে বলা হয়। পরপর চার দফায় তিনি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। প্রত্যেকবারই নতুন করে কিছু তথ্য চাওয়া হয় বলে অভিযোগ। এতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়তে থাকে তার। কয়েকদিন আগে আবার একটি নোটিস আসে। সেখানে বলা হয়, এলাকার পাঁচজন বাসিন্দার স্বাক্ষরসহ কিছু নথি জমা দিতে হবে। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সেই স্বাক্ষর জোগাড় করেন।
রবিবার রাতেও প্রতিদিনের মতো নিজের ছোট দোকান বন্ধ করে বাড়ি ফেরেন আনোয়ার সাহেব। প্রতিবেশীরা তার কাছে কাগজপত্রের বিষয়ে খোঁজ নিলে তিনি জানান, প্রয়োজনীয় সব কিছু তিনি সংগ্রহ করেছেন। কিন্তু সোমবার ভোরে হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের দাবি, টানা দুশ্চিন্তা ও আতঙ্কে তিনি ভেঙে পড়েছিলেন। চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে, এই ভয়ে দিন কাটছিল তার। স্থানীয়দের একাংশের বক্তব্য, বারবার শুনানিতে ডাকা ও অনিশ্চয়তার কারণে মানসিক চাপ ক্রমেই বাড়ছিল। সেই চাপই তার মৃত্যুর অন্যতম কারণ বলে তাদের অনুমান।


