রাঁচির অরগোড়া থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতালে উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। জানা গিয়েছে, এক নবজাতকের মৃত্যুর পরও তাকে তিন দিন ধরে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চালিয়ে গিয়েছে হাসপাতাল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডা. ইরফান আনসারি কড়া প্রতিক্রিয়া দেন। তিনি জানান, “যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, “হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে ও সন্ধ্যায় রোগীর আত্মীয়দের সঙ্গে দেখা করার সময় নির্ধারিত থাকে। যদি রোগীর পরিবারকে দেখা করতে দেওয়া না হয়ে থাকে, তাহলে তাদের উচিত ছিল সরাসরি স্বাস্থ্য দফতরে অভিযোগ জানানো।”
এদিকে, রাঁচির ডেপুটি কমিশনার ঘটনার গুরুত্ব বুঝে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় হাসপাতালের ভূমিকা ও দায়িত্ব নিয়ে উঠেছে প্রশ্ন । স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এই ঘটনা রাজ্যে চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে চিন্তার সৃষ্টি করেছে।


