উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় আদালতের নির্দেশে একটি মাজার ভেঙে দিল জেলা প্রশাসন। রবিবার, ১১ জানুয়ারি দেওরিয়া–গোরখপুর সড়কের পাশে একটি ওভারব্রিজ সংলগ্ন সরকারি খালি জমিতে নির্মিত এই মাজারটি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মাজারটির নাম ছিল হজরত শহীদ সৈয়দ আব্দুল গনি শাহ বাবা মাজার বলে জানা যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জমিটি আগেই আদালত সরকারি সম্পত্তি বলে ঘোষণা করেছিল। পাশাপাশি আদালত জানায়, ওই মাজারের কোনও বৈধ নথি বা আইনি স্বীকৃতি নেই। আদালতের নির্দেশ মেনে কড়া নিরাপত্তার মধ্যেই ভাঙার কাজ শুরু হয় বলে জানা গিয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সদর মহকুমা শাসক শ্রুতি শর্মা বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী এবং সমস্ত আইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। “
এই মাজার ঘিরে বিতর্কের শুরু ২০১৯ সালে। সে সময় স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেন, সরকারি জমি দখল করে মাজারটি তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে আদালতের নির্দেশে বিষয়টির নিষ্পত্তি হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অভিযান কোনও ধর্ম বা সম্প্রদায়কে লক্ষ্য করে নয়। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। সরকারি জমি দখলমুক্ত করাই ছিল মূল উদ্দেশ্য। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও আইন মেনে এ ধরনের পদক্ষেপ চলবে।


