‘ঘুষখোর পণ্ডিত’ নামের একটি সিনেমাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ছবিটির নাম ও বিষয়বস্তুকে ব্রাহ্মণ-বিরোধী বলে অভিযোগ তুলে সরব হয়েছেন উচ্চবর্ণের একাংশ। ইতিমধ্যেই ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং নিষেধাজ্ঞার দাবিও উঠেছে।
এই বিতর্কে চমক দিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। দলিত রাজনীতির মুখ হিসেবেই পরিচিত হলেও তিনি প্রকাশ্যে ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়ে ছবিটিকে ‘বিদ্বেষমূলক’ বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের সিনেমা শুধু নিষিদ্ধ করাই নয়, নির্মাতাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছবিটির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এমন সময় মায়াবতীর এই অবস্থান যোগী সরকারের পক্ষে অস্বস্তির কারণ হতে পারে। কারণ বিজেপির অন্দরে আগেই উচ্চবর্ণ ভোটব্যাঙ্কের ক্ষোভ জমছিল।
বিশেষজ্ঞদের মতে, ইউজিসির নতুন নিয়ম ও অন্যান্য ইস্যুতে সবর্ণদের অসন্তোষের আবহেই এই সিনেমা বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। মায়াবতীর হস্তক্ষেপে সেই সমীকরণ আরও জটিল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


