কেরলের পথমনথিট্টার পাণ্ডালমে হিন্দুত্ববাদী গোষ্ঠীদের এক ধর্মীয় অনুষ্ঠানে বিতর্ক মন্তব্য করে চাঞ্চল্য ছড়ালেন শ্রী রামদাস মিশনের প্রধান শন্তানন্দ। অনুষ্ঠানে তিনি সাবরিমালার পবিত্র চরিত্র ভাভার সম্পর্কে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেন। শন্তানন্দ দাবি করেন, ভাভারকে সাবরিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে মাত্র ৩০ বছর আগে এবং তার কোনও যোগ নেই ভগবান আয়াপ্পার সঙ্গে। তিনি বলেন, “ভাভার ছিলেন একজন মুসলিম আক্রমণকারী, এক সন্ত্রাসবাদী, যিনি আয়াপ্পার ওপর আক্রমণ করতে এসেছিলেন। তাকে পুজো করা একেবারেই উচিত নয়।”
এছাড়া তিনি আরও বলেন, “ভাভার যেহেতু মুসলিম ছিলেন, তাই তাকে দেবতা হিসেবে মানা যায় না। এই বক্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে চরম ক্ষোভ ছড়িয়েছে। বহু ভক্ত এবং স্থানীয় বাসিন্দারা এই মন্তব্যকে অপমানজনক ও ধর্মীয় বিভাজনমূলক বলে আখ্যা দিয়েছেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেপির তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি কে. আনামলাই। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং নিজের বক্তৃতায় কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও এম. কে. স্টালিনকে কড়া ভাষায় আক্রমণ করেন।
ঘটনার পর পাণ্ডালম রাজপরিবারের পক্ষ থেকে শন্তানন্দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এই বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে।
এর আগে কংগ্রেসের মিডিয়া মুখপাত্র অ্যাডভোকেট ভি. আর. অনুপও শন্তানন্দের বিরুদ্ধে আলাদা একটি অভিযোগ দাখিল করেন।


