সমগ্র উত্তরপ্রদেশে “আই লাভ মুহাম্মদ” লেখা পোস্টার ও ভিডিও ছড়িয়ে পড়ায় রাজ্যজুড়ে ছড়িয়েছে উত্তেজনা । এই ঘটনায় মোট ১০ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে যোগী রাজ্যের পুলিশ। পুলিশের দাবি, এই পোস্টার ও ভিডিও রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।
এই ঘটনার সূত্রপাত কানপুরে। মিলাদুন্নবী উপলক্ষে মিছিলের সময় কয়েকজন যুবক “আই লাভ মুহাম্মদ” লেখা ব্যানার ও পোস্টার বহন করেন। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারির পর কানপুরসহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদের ঢেউ ওঠে। অনেকেই রাস্তায় নেমে পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
প্রতিবাদকারীরা নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইল ছবিতে “আই লাভ মুহাম্মদ” লেখাটি ব্যবহার করতে শুরু করেন। কেউ কেউ আবার বাড়ি, দোকান ও মসজিদের বাইরে পোস্টারও টাঙান। ধীরে ধীরে এই আন্দোলন কানপুর থেকে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এতে ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং ধর্মভিত্তিক প্রকাশের বিষয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাদিম নামক এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক মাধ্যমে উত্তেজনাকর ভিডিও শেয়ার করার অভিযোগে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১৯২ ও ৩৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে।
এর পাশাপাশি মীরাটের মাওয়ানায় ইদ্রিস, তসলিম, গুলফাম ও রিহান নামক চার যুবককে রাস্তার ধারে ‘ আই লাভ মুহাম্মদ ‘ পোস্টার টাঙানোর অভিযোগে আটক করা হয়েছে। খিরওয়া শহরে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগে ফয়জ, নাফিস, আবিদ ও মোহাম্মদ লুকমান নামক আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


