ভারত ও আমেরিকার মধ্যে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের আপেল চাষিদের মনে গভীর দুশ্চিন্তা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, আমদানির উপর শুল্ক কমানোয় অচিরেই মার্কিন আপেল কম দামে ভারতীয় বাজারে ঢুকে পড়বে। এর ফলে দেশীয় আপেলের দাম নেমে যেতে পারে বলে মনে করছেন কৃষক সংগঠন ও বিরোধী নেতারা।
নতুন ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ আপেলের ক্ষেত্রে আমদানি কর ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি কেজি প্রতি ন্যূনতম আমদানি মূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই পদক্ষেপে দেশীয় চাষিরাই শেষ পর্যন্ত উপকৃত হবেন। তবে বিভিন্ন কৃষক সংগঠন তাঁর বক্তব্যের সঙ্গে একমত নয়। হিমাচলের কৃষক নেতা হরিশ চৌহান বলেন, শুল্ক কমলে সরকারের আয় কমবে এবং বাগান শিল্প বড় ক্ষতির মুখে পড়বে। তাঁর দাবি, আগে বেশি করের কারণে আমেরিকার আপেলের দাম ছিল অনেক বেশি, এখন তা কমে যাওয়ায় প্রতিযোগিতা কঠিন হবে। দেশে বছরে প্রায় ২৫ লক্ষ মেট্রিক টন আপেলের প্রয়োজন হলেও উৎপাদন হয় প্রায় ২০ থেকে ২১ লক্ষ টন। এই ঘাটতি মেটাতে বিদেশ থেকে আপেল আনা হয়। কাশ্মীর উপত্যকায় লক্ষাধিক পরিবার এই শিল্পের উপর নির্ভরশীল। তাদের মতে, এই সিদ্ধান্ত বহু মানুষের জীবিকা অনিশ্চিত করে তুলতে পারে।


