আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবনের কাছে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলার ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। জানা গিয়েছে, কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরতে রওনা দেন ওই মৎস্যজীবীরা। এরপর বঙ্গোপসাগরের মোংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তাদের ট্রলার। গভীর রাতে সেখানেই মাছ ধরার সময় বাংলাদেশের নৌবাহিনীর নজরে পড়ে ট্রলার দুটি।
এই ঘটনার পর ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রশাসন। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলে খবর। এদিকে এই খবর পেয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন আটক হওয়া মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। রাজ্যের মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা যায়। তবে বার বার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।


