গাজায় এখনও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের অনুমতি না থাকায় ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্তে আটকে রয়েছে। তবুও গাজার প্রায় ১২ হাজার স্থানীয় কর্মী অমানবিক পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইজরায়েল , ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থাকে তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করার অনুমতি বাতিল করে। এই সংস্থার কিছু কর্মী হামাসের সঙ্গে যুক্ত আছে বলে দাবি করে ইসরায়েল। তবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত সপ্তাহে রায় দিয়েছে যে, ইসরায়েল জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে বাধ্য। আদালত আরও জানায়, ইসরায়েল এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থার কর্মীরা হামাসের সদস্য।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থার এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, “কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়। গাজার মানুষের জন্য খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত পৌঁছানো জরুরি।”


