যুদ্ধবিরতির মধ্যেও রক্তাক্ত গাজা। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ভয়াবহতায় বহু এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত। সেখানে আটকে পড়ে রয়েছেন অসংখ্য মানুষ। এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ফিলিস্তিনি নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত, যাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, অধিকৃত গাজার পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, গত রাতে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হানা দিয়ে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বহু পরিবার এখনও তাদের প্রিয়জনদের মৃতদেহ উদ্ধার করতে লড়াই করে যাচ্ছে। ভারী যন্ত্রপাতির অভাবে সাধারণ মানুষ বেলচা, কোদাল, এমনকি খালি হাত দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে প্রিয়জনদের দেহ বের করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির দাবি জানালেও, হামলা ও অভিযান বন্ধের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।


