২৬ এর বিধানসভা নির্বাচন যত সামনে আসছে শাসকের রক্ত চোখ আরও বেশি করে প্রকট হচ্ছে। সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার সময় মর্মান্তিক ঘটনা ঘটলো কালীগঞ্জে। উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জে ঝরলো রক্ত। ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে তৃণমূলের বোমার আঘাতে নিহত এক স্কুল পড়ুয়া কিশোরী। অভিযোগ উঠছে, ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় উল্লাস শুরু হয়। বিজয় উল্লাসের এই জমায়েত থেকেই ছোড়া হয় বোমা। এলাকাবাসীদের অভিযোগ, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বৌমা ছোড়ে তৃণমূলের কর্মীরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘটনাকে নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। জানা গিয়েছে, মৃতা ওই ছাত্রী চতুর্থ শ্রেণীর পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, কালীগঞ্জের মোলান্ডি এলাকায়। ঘটনার জেরে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে শাসক শিবির। প্রশ্ন উঠছে, মারণ বোমা নিয়ে তৃণমূলের বিজয় মিছিল কি করে সম্ভব? শুধু তাই নয়, ফলাফল ঘোষণা করার আগে তৃণমূল শিবিরের পক্ষ থেকে বিজয় মিছিল কিভাবে সম্ভব?
ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ভেরিফাইড অফিসিয়াল এক্স একাউন্টে (টুইটার) বলা হয়েছে, ‘কৃষ্ণনগর পুলিশ জেলায় বালিকার মৃত্যুতে বিস্মিত ও শোকাহত, মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কড়া পদক্ষেপ নেবে পুলিশ, দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছে, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা নিক্ষেপে একজন কিশোরীর মৃত্যুর পরেও কেন পুলিশ ঘটনাস্থলে গেলো না? স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করছে, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।
পুলিশ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে ঘটনায় যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


