পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে ঘটে গেলো এক ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে আকাশে এলোপাথাড়ি গুলি ছোড়ার ফলে মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছেন প্রায় ৬০ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। এই ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে আজিজাবাদ এলাকায়। পরিবারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় বলে জানা গিয়েছে শিশুটি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আহতদের মধ্যে অনেকে সিভিল, জিন্নাহ এবং আব্বাসি শহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করাচি পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


