রাস্তার বেহাল দশায় নাজেহাল যাত্রীরা। সাউথ টেংরার একটি রাস্তা চায়না টাউন নামে পরিচিত। প্রত্যেক সন্ধ্যায় সেখানে ভিড় করে খাদ্য রসিক মানুষ। এমন একটি জনবহুল জায়গায় রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ পথযাত্রীসহ এলাকার সাধারণ মানুষরা। রাস্তা মেরামতির দাবিতে এক এলাকাবাসী মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ দায়ের করেছেন। মেয়র ফিরহাদ হাকিম ২০ থেকে ২৫ দিনের মধ্যে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
সাধারণ মানুষদের বক্তব্য, কলকাতায় বেশ কিছু জায়গায় রাস্তাঘাটের শোচনীয় অবস্থা। হুঁশ নেই পশ্চিমবঙ্গ সরকারের। বছর পেরোলেই ২৬ এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমন পরিস্থিতিতে, প্রচারের সময় রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, আলো এই সমস্ত ইস্যু গুলোকে সামনে রেখে দরজায় দরজায় ঘুরবে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা। ভোট শেষ হলে তৃণমূল সরকারের দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ হয় না বলে দাবি করেছে সাধারণ মানুষ।


