দ্বিতীয় দফার ভোটের আগে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ল কামারহাটিতে। এবার বিতর্কের কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। এক পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
প্রচারে বেরিয়ে মদন মিত্র অভিযোগ করেন, বিজেপি কর্মী-সমর্থকেরা বাইক মিছিল করে বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছেন। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাঁর দাবি, শুধুমাত্র তৃণমূলের কর্মীদেরই বাধা দেওয়া হচ্ছে। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ সুরে তৃণমূল প্রার্থী বলেন, তাঁদের দলের লোকজনকে অকারণে আটকে দেওয়া হচ্ছে। তাঁরা কোনও অপরাধী নন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভোটের পর পরিস্থিতি বদলে যাবে বলেও হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যের একটি অংশ ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেন, মদন মিত্র বলেন, ‘আটকাচ্ছে শুধু আমাদের।আমরা কি খুনি না ডাকাত? এগুলো আমাদের সঙ্গে করতে বারণ করবেন। ৫ তারিখের পর ওরা চলে যাবে। তারপর থানা উঠিয়ে ফেলে দেব।’
বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। দলের স্থানীয় নেতাদের দাবি, একজন প্রার্থীর মুখে এ ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের পক্ষে ভাল নয়। নির্বাচন চলাকালীন পুলিশ ও প্রশাসনের উপর চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে বিজেপি।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই ধরনের মন্তব্য এলাকায় উত্তেজনা আরও বাড়াতে পারে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, মদন মিত্র ক্ষোভের বশেই ওই মন্তব্য করেছেন। বিরোধীদের উসকানিমূলক আচরণের কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে বলেও দলের বক্তব্য।
নির্বাচনের আগে কামারহাটির এই ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিল। এখন নির্বাচন কমিশন বা প্রশাসন এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


