ফের মর্মান্তিক মৃত্যু মালদায় বসবাসকারী পরিযায়ী শ্রমিকের। ভিনরাজ্যে বিষধর সাপের ছোবলে প্রাণ হারালেন ৩৫ বছরের শেখ মাহাবুল। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তার বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের নাগরাই এলাকায়। বৃদ্ধা মা, স্ত্রী এবং তিনটি নাবালক সন্তানের সংসার চালাতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় মাহাবুলকে। জানা গেছে গত দুই মাস আগে রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তিনি।
প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, গত ৩০ তারিখ রাতে ঘুমের সময় তিনি বিষধর সাপের ছোবলে আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। পরে বৃহস্পতিবার সকালে তাঁর কফিনবন্দী দেহ নাগরাই গ্রামে পৌঁছায়। দেহ আসার সঙ্গে সঙ্গে পরিবার ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটিতে গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন মৃত মাহাবুলের অসহায় পরিবারকে সরকারি সাহায্য এবং সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও, মর্মান্তিক এই মৃত্যুর খবরটি এলাকার মানুষের মনে গভীর দুঃখ তৈরি করেছে।মাহাবুলের মৃত্যু আবারও তুলে ধরল পরিযায়ী শ্রমিকদের জীবনের ঝুঁকি ও তাদের পরিবারে চলমান আর্থিক ও মানসিক সংকটের বিষয়টি।


