পাকা রাস্তার দাবীতে তুমুল বিক্ষোভ, মালদার পাকুয়াহাটের বাসিন্দাদের। প্রতিদিন কর্মব্যস্ততার মাঝে কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষদের। তার মধ্যে বৃষ্টি পড়লে রাস্তার বেহাল দশায় কার্যত নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এলাকাবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হাঁটা যায় না। প্রশাসনের কাছে বহুবার দাবি জানিয়ে বিশেষ লাভ হয়নি। তাই বাঁধানো রাস্তার দাবীতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এলাকাবাসীরা।
গ্রামবাসীরা জানিয়েছেন, বহু বছর ধরে তারা এই সমস্যার মোকাবিলা করছেন। ভোটের সময় রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও, ভোট মিটলে রাস্তা যেমন ছিল তেমনই পড়ে থাকে। সাধারণ মানুষের অসুস্থতায় অ্যাম্বুলেন্স ভাড়া করলেও, অ্যাম্বুলেন্স চালক ঢুকতে চায় না গ্রামের মধ্যে। ফলে গ্রামের নিত্যযাত্রী এবং অসুস্থ মানুষদের চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়।


