আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগরে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গেছে, সফরে তিনি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তার মধ্যে মুড়িগঙ্গা নদীর উপর নতুন সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা রয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মেলার প্রস্তুতি এবং অন্যান্য প্রকল্পের খোঁজখবর নিয়েছিলেন। ৫ জানুয়ারি সাগরে পৌঁছানোর পর জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন তিনি।
মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এই সেতু প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ হবে। প্রায় ১৭ কোটি টাকার খরচে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এটি চার বছরের মধ্যে তৈরি হবে। সেতু নির্মাণ হলে তীর্থযাত্রীদের আর ভেসেল বা নৌকার অপেক্ষা করতে হবে না বলে জানা গিয়েছে। মেলা ১০ জানুয়ারি শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এবার কুম্ভমেলা না থাকায় প্রশাসন আশা করছে ভিড় আরও বাড়বে। নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রায় ১৫ হাজার পুলিশ এবং ৩,৫০০ ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড ও আইডি কার্ড প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী মেলা সংলগ্ন এলাকার ব্যবস্থাপনা, নিরাপত্তা, সাফাই, পানীয় জল, বিদ্যুৎ, অস্থায়ী আবাসন ও স্বাস্থ্য পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখবেন।


