উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলস্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সকালে প্ল্যাটফর্মের ভুল দিক দিয়ে নামতে গিয়ে ট্রেনের ধাক্কায় আনুমানিক ছয়জন মহিলার প্রাণ হারান। রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। চোপন এক্সপ্রেস ট্রেনটি এদিন চুনার স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কিন্তু যাত্রীদের একাংশ, বিশেষ করে কিছু মহিলা, তাড়াহুড়োয় ট্রেন থেকে সরাসরি লাইন ধরে নামতে শুরু করেন। সেই সময় হাওড়া থেকে ক্যালকাজি গামী নেতাজি এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছয়জন মহিলার মৃত্যু হয়।
রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা অমিত সিং জানান, মৃতরা সবাই কার্তিক পূর্ণিমার স্নান করতে মির্জাপুরে এসেছিলেন। যদিও প্ল্যাটফর্মের উপর ফুটওভার ব্রিজ ছিল, তারা সেটি ব্যবহার না করে সরাসরি লাইন পার হতে গিয়েছিলেন। রেলওয়ে এক বিবৃতিতে জানায়, যাত্রীদের এই অসচেতনতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। সরকারি রেলওয়ে পুলিশের পরিদর্শক রঘবেন্দ্র সিং জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন সবিতা (২৮), সাধনা (১৬), শিবকুমারী (১২), অঞ্জু দেবী (২০), সুশীলা দেবী (৬০) এবং কালাবতী (৫০)।


