মোরাদাবাদ জেলার বিলারিতে এক নাবালিকা ছাত্রীর ধর্মান্তর সংক্রান্ত অভিযোগ ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই ঘটনায় পুলিশের অবস্থান বদলানোয় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
চলতি মাসের মাঝামাঝি ছাত্রীর ভাই অভিযোগ করেন, তাঁর বোনকে পাঁচ মুসলিম সহপাঠিনী জোর করে বোরখা পরতে বাধ্য করেছে এবং ধর্মান্তরের চেষ্টা হয়েছে। কিন্তু ১৬ জানুয়ারি মোরাদাবাদ পুলিশ জানায়, তদন্তে এমন কোনও প্রমাণ মেলেনি। পুলিশের বক্তব্য ছিল, ভাইয়ের কড়াকড়ি থেকে বাঁচতেই ওই ছাত্রী নিজের ইচ্ছেয় বোরখা পরেছিল।
এর এক সপ্তাহের মধ্যেই ছাত্রীর ভাই নতুন করে বিলারি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এবার ধর্মান্তর বিরোধী আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও আগের রিপোর্ট বদলানোর মতো নতুন কোনও প্রমাণের কথা পুলিশ এখনও স্পষ্ট করে জানায়নি।
ঘটনাটি সামনে আসার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ওই ছাত্রীরা যে কোচিং সেন্টারে পড়ত, তা বন্ধ হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ছাত্রী নিজেই বোরখা পরেছিল এবং বন্ধুরা শুধু প্রশংসা করছিল। এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

