মুর্শিদাবাদ জেলায় ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য শুরু হয়েছে এক নতুন উদ্যোগ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শিল্পের সমাধানে’, যার মাধ্যমে জেলার ছোট উদ্যোক্তা ও শিল্পীরা সরকারি সুযোগ সুবিধা পেতে সাহায্য পাবেন।
বহরমপুর বিডিও অফিসে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। এই শিবির চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। জেলার প্রতিটি ব্লকে টানা ছয় দিন ধরে এই কর্মসূচি আয়োজন করা হবে।
শিবিরে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে নানা পরামর্শমূলক অধিবেশন। হস্তশিল্পীদের কাজ প্রদর্শনের পাশাপাশি সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার দিকগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে। উদ্যোক্তারা কীভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন, সেই বিষয়ে বিশেষজ্ঞরা দিকনির্দেশ দিচ্ছেন।জেলাশাসক জানিয়েছেন, শুধু সুবিধা পৌঁছে দেওয়াই নয়, উদ্যোক্তাদের সমস্যা সমাধানেও গুরুত্ব দেওয়া হবে। আগামী দিনে সপ্তাহে পাঁচ দিন এই বিশেষ শিবির চালানো হবে, যাতে আরও বেশি মানুষ এতে অংশ নিতে পারেন।
‘শিল্পের সমাধানে’ কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামীণ ও শহরাঞ্চলের ক্ষুদ্র উদ্যোগীদের উন্নয়নের পথ সহজ করা। সরকারি পরিকল্পনার সঠিক তথ্য পৌঁছে দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য। জেলার প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে এবং বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।


