মুর্শিদাবাদের কলাবাগান ও পর্বতপুর রেলগেট সংলগ্ন এলাকায় আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বুধবার স্থানীয় এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। রেললাইনে নতুন আন্ডারপাস তৈরি হলে রেলগেট বন্ধ হয়ে যাবে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে, এতে যাত্রী এবং গাড়ি মালিকদের ভোগান্তি হয় বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কলাবাগান ও পর্বতপুর রেলগেটের মাধ্যমে বহু গ্রামের মানুষ স্কুল, কলেজ, হাটবাজার ও কৃষিকাজের জন্য যাতায়াত করেন। রেলগেট বন্ধ হয়ে গেলে প্রতিদিনের দৈনন্দিন জীবন কঠিন হয়ে যাবে।
স্থানীয় সমাজসেবী ও কংগ্রেস নেতা নাজমুল আলম বলেন, “রাস্তা সামান্য মেরামত করলেই চলাচলের সমস্যা সমাধান করা সম্ভব। আন্ডারপাস তৈরি হলে বর্ষার সময় জলাবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। এছাড়া রেলগেটের কর্মচারীদের কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে।”
অন্যদিকে, বহরমপুরের আইনজীবী এনামুল কবিরও এই প্রকল্পের বিরোধিতা করেন। তিনি বলেন, “এলাকা বন্যাপ্রবণ। পাশের এলাকায় আন্ডারপাস তৈরি করার অভিজ্ঞতা থেকে আমরা জানি, এতে সাধারণ মানুষের দুর্ভোগ কতটা বাড়ে। আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরও শক্তিশালী হবে।” ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাসিন্দারা জানিয়েছে, তারা আন্ডারপাস নির্মাণের প্রকল্প বাতিল না করা হলে তাদের আন্দোলন চলবে এবং আরও বৃহত্তর ধরণের বিক্ষোভ হবে।


