মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কল্যাণপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলডাঙ্গা মোড় থেকে বাইশ বিঘা পর্যন্ত পিচ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় বেহাল এলাকাবাসীরা। বহুদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় এই গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন যাতায়াতে চরম অসুবিধার মুখে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। রাস্তার পিচ উঠে গিয়ে জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে বলেও জানান স্থানিয় বাসিন্দারা। এই অবস্থায় টোটো, বাইক, সাইকেল ও ভ্যানচালকদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স পর্যন্ত সমস্যায় পড়ছে।
এলাকার বাসিন্দা মহঃ ইনজামাম উল লাইস বলেন, “এই রাস্তা বহুদিন সংস্কার হয়নি। বহুবার পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের কাছে জানানো হয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান মেলেনি। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না।” অন্যদিকে স্থানীয় এক শিক্ষক রাজিকুল রহমান জানান, পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন পর্যন্ত সবাইকে জানানো হয়েছে, কিন্তু সমস্যার সুরাহা মেলেনি। গ্রামবাসীদের দাবি, রাস্তার মেরামত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে। তারা প্রশাসনের কাছে আবেদন করেছেন, দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।


