মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল অঞ্চলে দ্বারকা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সালেপুর এলাকায় বাঁধ ভাঙার পর নদীর জল ছড়িয়ে পড়েছে সালেপুর, বেনীপুর, পাইরাকোল, পুরুন্দরপুর ও ইন্দ্রহাটা গ্রামের বিস্তীর্ণ এলাকায়। রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি, এমনকি চাষের জমিও সব ডুবে গেছে বলে জানা গিয়েছে।
এক সময়ের ব্যস্ত গ্রামের চেহারা এখন বদলে গিয়ে এক বিরাট জলাধারে পরিণত হয়েছে। গ্রামবাসীরা কার্যত জলবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহিরিনগর ও রানিপুর। জানা গিয়েছে কান্দি থেকে চৌরিগাছা যাওয়ার মূল রাস্তাও এখন জলের তলায়। দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টির ফলে নদীর জল বেড়েই চলেছে। তিলপাড়া ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে, যার ফলে কান্দি, ভরতপুর ১ নম্বর, খড়গ্রাম ও বড়ঞা ব্লকের অনেক গ্রাম প্লাবিত হয়েছে।


