১৯৮৩ সালের ১৮ ফেব্রুয়ারি আসামের নেলি এলাকায় ঘটে এক ভয়াবহ গণহত্যা। গুয়াহাটি থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে এই হামলায় কমপক্ষে ২,১৯১ জন বাঙালি বংশোদ্ভূত মুসলিমকে হত্যা করা হয়। এই ঘটনার ফলে ৩৭০টি শিশু অনাথ হয়ে পড়ে এবং অন্তত ১৬টি গ্রামের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এত বড় একটি ঘটনার বিচার ও সত্য উদঘাটনের জন্য যে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল, তাদের প্রতিবেদন রাজ্য বিধানসভায় পৌঁছাতে লেগে গেছে দীর্ঘ ৪২ বছর। এই অস্বাভাবিক বিলম্ব অনেকের কাছে মনে হয়েছে ইচ্ছাকৃত, যেন ঘটনাটি ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যায়।
এই প্রতিবেদন দেরিতে পেশ হওয়ার খবর সামনে আসতেই অনেকেই সেই সময়কার স্মৃতি আবার মনে করেছেন। বিশেষ করে ২০০৮ সালে গণহত্যার ২৫তম বার্ষিকীতে নেলি সফরকারীদের অভিজ্ঞতা আবার আলোচনায় উঠে আসে। নেলির বেঁচে যাওয়া মানুষের বেদনাদায়ক গল্প আজও ইতিহাসের এক নৃশংস অধ্যায় মনে করিয়ে দেয়।


