মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতেশ রানে বুধবার এক বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেছেন, মাদ্রাসায় উর্দুর পরিবর্তে মারাঠি পড়ানো উচিত এবং আজান মারাঠি ভাষায় হওয়া উচিত। এই মন্তব্যকে ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশজুড়ে। এই ঘটনার জেরে বিরোধী দলগুলি অভিযোগ করেছে, ভোটের আগে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে রাজনীতি করতে চাইছেন রানে।
এই বক্তব্যের বিরুদ্ধে কংগ্রেস, এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী), এআইএমআইএম এবং সমাজবাদী পার্টি কড়া প্রতিবাদ জানিয়েছে বলে জানা গিয়েছে। এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান বলেন,” রানে এবং বিজেপি সংখ্যালঘুদের প্রতি ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে।”
অন্যদিকে সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি আবু আজমি বলেন, কোরআন অনেক মাদ্রাসায় মারাঠিতেই পড়ানো হয়, তাই রানের বক্তব্য কেবলই ঘৃণা ছড়ানোর জন্য।
এর আগে বহুবার নীতেশ রানেকে সংখ্যালঘুদের নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গেছে। ২০২৪ ও ২০২৫ সালে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে বলে জানা গিয়েছে, যেখানে তিনি বোরখা নিষিদ্ধ ও কেরালাকে “মিনি পাকিস্তান” বলেও আক্রমণ করেছেন।


