Friday, March 6, 2026
26.7 C
Kolkata

অনশনরত প্যালেস্টাইন অ্যাকশন কর্মীদের নিয়ে গভীর উদ্বেগ, ব্রিটিশ চিকিৎসকদের সতর্কবার্তা—‘মৃত্যুর আশঙ্কা অত্যন্ত বাস্তব’

ব্রিটেনের বিভিন্ন কারাগারে আটক প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলনের ছ’জন কর্মীর শারীরিক অবস্থাকে ঘিরে চরম উদ্বেগ প্রকাশ করলেন শত শত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। টানা কয়েক সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাওয়ার ফলে তাঁদের জীবন এখন তাৎক্ষণিক বিপদের মুখে—এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্রিটেনের বিচারমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো এক যৌথ চিঠিতে।

চিঠিতে ৮০০-র বেশি চিকিৎসক, নার্স, থেরাপিস্ট ও কেয়ারগিভার স্পষ্ট ভাষায় লিখেছেন—যথাযথ চিকিৎসা ও দ্রুত সমাধান না হলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে কোনও অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তরুণ ব্রিটিশ নাগরিকদের কারাগারেই প্রাণ হারাতে হবে।

অনশনরত কর্মীদের বয়স ২০ থেকে ৩১ বছরের মধ্যে। তাঁদের মধ্যে কেসার জুহরা ও আমু গিব প্রায় সাত সপ্তাহ ধরে খাবার গ্রহণ করছেন না। লিউই কিয়ারামেলো, যিনি ডায়াবেটিসে আক্রান্ত, তিনি আংশিক অনশনে রয়েছেন—একদিন পরপর খাবার প্রত্যাখ্যান করছেন। বাকিরাও দীর্ঘ সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।

লন্ডনে এক সাংবাদিক বৈঠকে জরুরি চিকিৎসক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক জেমস স্মিথ বলেন, “এখন আর বিষয়টি প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই। বাস্তব সত্য হল—এই অনশনকারীরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।” তাঁর কথায়, তিন সপ্তাহের বেশি সময় খাবার না পেলে শরীর নিজস্ব অঙ্গপ্রত্যঙ্গ ভাঙতে শুরু করে, যার ফল হতে পারে হৃদ্‌যন্ত্রের ক্ষতি, কিডনি বিকল হওয়া কিংবা হঠাৎ হৃদ্‌রোগে মৃত্যু।

চিকিৎসকদের চিঠিতে দাবি করা হয়েছে, অনশনকারীদের দিনে অন্তত দু’বার স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত রক্ত পরীক্ষা এবং সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখতে হবে। কারাগারে যদি এই ব্যবস্থা সম্ভব না হয়, তবে অবিলম্বে তাঁদের হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।

পরিবারের সদস্যরাও তাঁদের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন। অনশনের ৪০তম দিনে পৌঁছনো টিউটা হোক্সা রক্তচাপ কমে যাওয়া, বুক ধড়ফড়, মাথাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন। তাঁর ১৭ বছরের বোন জানায়, টিউটা এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে মানসিকভাবে তিনি সবচেয়ে খারাপের জন্যও নিজেকে প্রস্তুত করছেন।

২০ বছর বয়সি কেসার জুহরা বারবার অসুস্থ হয়ে পড়ছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। কয়েকদিন আগে তাঁর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়ে যায়। পরে এক সাংসদ নিশ্চিত করেন যে তিনি নিরাপদে রয়েছেন, তবে অনশন চালিয়ে যাচ্ছেন।

এই পরিস্থিতির প্রতিবাদে একাধিক কারাগারের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। সারে এলাকার একটি কারাগারের বাইরে চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা জড়ো হন। সেখানে দেরিতে অ্যাম্বুল্যান্স পৌঁছনোর দৃশ্য নতুন করে প্রশ্ন তুলেছে বন্দিদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে।

এদিকে, প্যালেস্টাইন অ্যাকশন সংগঠন জানাচ্ছে, তাঁদের আন্দোলনের লক্ষ্য ব্রিটেনের সেই সব সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ, যেগুলি ইজরায়েলের অস্ত্র উৎপাদন ও সামরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। যদিও চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

এই প্রেক্ষাপটে অনশনরত কর্মীদের দাবি—অবিলম্বে জামিন, ন্যায্য বিচার নিশ্চিত করা এবং সংগঠনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।

মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনা শুধু একটি রাজনৈতিক আন্দোলনের প্রশ্ন নয়—এটি বন্দিদের জীবন ও রাষ্ট্রের নৈতিক দায়িত্বের পরীক্ষাও বটে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories