প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে-র আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ প্রকাশ ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিতে চলেছে। বইটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা অফিসার ও উচ্চপদস্থ আমলারা অবসরের পর যাতে সংবেদনশীল তথ্য প্রকাশ করতে না পারেন, সে বিষয়ে কড়া নিয়ম আনার ভাবনা চলছে।সূত্রের দাবি, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে বই-সংক্রান্ত বিষয়টি সামনে আসে। বৈঠকে একাধিক মন্ত্রী মত দেন, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত পদে যারা কাজ করেন, তাদের অবসরের পর লেখালিখি বা প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ থাকা প্রয়োজন। এমনও প্রস্তাব উঠেছে যে, অবসরের পর দীর্ঘ সময়, সম্ভবত ২০ বছর পর্যন্ত কোনও গোপন বা স্পর্শকাতর তথ্য বই বা অন্য মাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে। শিগগিরই এ নিয়ে একটি নির্দিষ্ট নীতিমালা আনা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।উল্লেখ্য, নারাভানের আত্মকথায় ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ, অগ্নিপথ প্রকল্প এবং পূর্ব লাদাখে চিনের সঙ্গে সামরিক উত্তেজনার প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে তার কথাবার্তার উল্লেখও রয়েছে। বইয়ে তিনি দাবি করেছেন, গালওয়ান পরিস্থিতি সামাল দিতে গিয়ে প্রশাসনিক স্তরে দ্রুত ও দৃঢ় সিদ্ধান্তের অভাব তাকে কঠিন অবস্থায় ফেলেছিল। কৈলাস রেঞ্জ এলাকায় চিনা সেনার অগ্রগতির কথাও তিনি তুলে ধরেছেন, যা সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।বইটি প্রকাশের আগেই বিতর্কের সূত্রপাত হয়। আপত্তি ওঠার পর এর প্রকাশ প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, বইয়ের কিছু অংশ সরকারের জন্য অস্বস্তিকর হতে পারে বলেই তা আটকে রাখা হয়েছে। কেন দীর্ঘদিন ধরে অনুমোদন দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Popular Categories


