রাজস্থানে এক কম্বল বিতরণ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিজেপির প্রবীণ নেতা সুখবীর সিং জৌনাপুরিয়া কয়েকজন মুসলিম মহিলাকে কম্বল দিতে অস্বীকার করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
সুখবীর সিং জৌনাপুরিয়া টঙ্ক-সাওয়াই মাধোপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি একটি জনসমক্ষে কম্বল বিলি কর্মসূচিতে অংশ নেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি লাইনে দাঁড়ানো এক মহিলার নাম জানতে চান। ওই মহিলা মুসলিম নাম বলতেই তিনি পাশে থাকা সহকর্মীদের তাকে কম্বল না দিতে নির্দেশ দেন বলে অভিযোগ।
ভিডিওতে আরও শোনা যায়, জৌনাপুরিয়া বলছেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে, তাদের কম্বল নেওয়ার কোনও অধিকার নেই। এরপর কয়েকজন মুসলিম মহিলাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ এর প্রতিবাদ জানান। তাদের দাবি, ওই মহিলারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। তাহলে কেন তাদের সাহায্য ছাড়া ফিরিয়ে দেওয়া হল। জবাবে প্রাক্তন সাংসদ বলেন, তিনি তর্কে জড়াতে চান না। পরে তিনি জানান, এই কম্বল বিতরণ ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে, সরকারি অর্থ এতে ব্যবহার হয়নি।
ঘটনাটি সামনে আসার পর বিরোধী শিবির তীব্র প্রতিক্রিয়া জানায়। টঙ্ক-সাওয়াই মাধোপুরের বর্তমান কংগ্রেস সাংসদ হরিশ চন্দ্র মীনা সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ঘটনার নিন্দা করেন। তার বক্তব্য, দরিদ্র ও অসহায় মহিলাদের ধর্মের ভিত্তিতে বঞ্চিত করা লজ্জাজনক এবং মানবিকতার পরিপন্থী।


