উত্তরপ্রদেশে একসাথে ১৪ জন বিচারক বদলি করল এলাহাবাদ হাইকোর্ট। এই বদলির তালিকায় রয়েছেন সম্ভলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) বিভান্শু সুধীরও। মঙ্গলবার এই নির্দেশ জারি হয়। নতুন দায়িত্বে তাকে সুলতানপুরে সিনিয়র সিভিল জজ হিসেবে পাঠানো হয়েছে। তার জায়গায় সম্ভলের নতুন সিজেএম হিসেবে দায়িত্ব নিয়েছেন আদিত্য সিং।
সম্প্রতি সম্ভলের হিংসা সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিভান্শু সুধীর। গত বছরের নভেম্বর মাসে সম্ভলে যে অশান্তির ঘটনা ঘটে, সেই সময় পুলিশের গুলিতে এক যুবক জখম হয় বলে অভিযোগ ওঠে। ওই যুবকের বাবা ইয়ামিন আদালতে আবেদন জানান। তার অভিযোগ, ২৪ নভেম্বর শাহী জামা মসজিদের কাছে বিস্কুট ও রস্ক বিক্রি করার সময় তার ছেলে মহম্মদ আলমকে পুলিশ গুলি করে।
এই অভিযোগের শুনানিতে বিচারক সুধীর মন্তব্য করেন, ঘটনার প্রাথমিক প্রমাণ দেখে স্পষ্ট যে গুলির আঘাত রয়েছে। তিনি বলেন, খুনের চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ এবং কোনও ব্যক্তি প্রকৃত দোষীকে আড়াল করে নির্দোষ কাউকে ফাঁসাবে, এমন সম্ভাবনা কম। বিচারক আরও জানান, সরকারি দায়িত্বের অজুহাতে কেউ অপরাধ করলে তার দায় এড়াতে পারে না।
এরপর তিনি সম্ভলের প্রাক্তন সার্কেল অফিসার অনুজ চৌধুরী, কোতোয়ালি থানার ইনচার্জ অনুজ তোমর এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। কে গুলি চালিয়েছিল, তা তদন্ত করে বের করার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, শাহী জামা মসজিদ নিয়ে আদালতের নির্দেশে এএসআই সমীক্ষার প্রতিবাদে স্থানীয় মুসলিমদের বিক্ষোভ থেকে ওই অশান্তির সূত্রপাত হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন মুসলিমের মৃত্যু এবং বহু মানুষ আহত হন। এই ঘটনার পর সম্ভল পুলিশ ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছিল। এই সংবেদনশীল মামলায় এফআইআরের নির্দেশের কিছুদিনের মধ্যেই বিচারকের বদলি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।


