মুর্শিদাবাদের রাজনীতিতে শনিবার নতুন চর্চা তৈরি হল। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা শাহনাজ বেগম। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে তিনি হাতে নিলেন কংগ্রেসের পতাকা। তার এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।
দল বদলের পরই শাসক দলের বিরুদ্ধে সরব হন শাহনাজ বেগম। তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের কাজকর্মে দীর্ঘদিন ধরেই স্বচ্ছতার অভাব রয়েছে। তার দাবি, একাধিক প্রকল্পে অনিয়ম চলছে, যা তিনি আগেও দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন। এমনকি প্রশাসনিক স্তরেও বিষয়টি তুলে ধরেছিলেন বলে জানান তিনি। তবে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পরিবর্তন হয়নি বলে তাঁর বক্তব্য।
শাহনাজ বলেন, তিনি স্বভাবতই প্রতিবাদী মানুষ। অন্যায় দেখেও চুপ করে থাকা তার পক্ষে সম্ভব নয়। তার মতে, যে রাজনৈতিক সংগঠন দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেখানে আর থাকা যায় না। তাই বাধ্য হয়েই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করেন, রাজনীতিতে তার আসার উদ্দেশ্য ক্ষমতা বা সুযোগ-সুবিধা পাওয়া নয়, সাধারণ মানুষের জন্য কাজ করা।
হুমায়ুন কবীরের নতুন দল গঠনের প্রসঙ্গেও মন্তব্য করেন শাহনাজ। তিনি জানান, আগামী দিনে আরও অনেক নেতা তৃণমূল ছাড়তে পারেন, তবে সবাই নতুন দলে যাবেন না। তার মতে, অনেকেই কংগ্রেসের পথ বেছে নেবেন। কংগ্রেস বর্তমানে রাজ্য বা কেন্দ্রে ক্ষমতায় না থাকলেও তিনি সেই দলে যোগ দিয়েছেন, যা থেকেই তার উদ্দেশ্য পরিষ্কার বলে দাবি করেন তিনি।
কংগ্রেসের মঞ্চ থেকেও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলেন শাহনাজ বেগম। অধীর চৌধুরী তাকে দলে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন, এটাই সময়ের ইঙ্গিত।
এই দলবদল নিয়ে এখনও পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শাহনাজ বেগমের কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


