মতুয়া ও নাগরিকত্ব নিয়ে রাজনীতির উত্তাপ, শান দিচ্ছেন বিজেপির শান্তনু ঠাকুর। উত্তর ২৪ পরগনার গোপালনগরে মতুয়া ধর্ম চিন্তন শিবিরে হাজির হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই অনুষ্ঠানে তিনি সরাসরি মতুয়া সম্প্রদায়ের কাছে সিএএতে আবেদন করার কথা বলেন।
শান্তনু ঠাকুর বলেন, যারা বাংলাদেশ থেকে আসছেন এবং তাদের কাছে যদি বাংলাদেশি কোনো কাগজপত্র থাকে তাহলে তারা সিএএ-তে আবেদন করতে পারেন। তিনি জানান, ঠাকুরবাড়িতে ওই কাগজপত্র জমা দিলে সেখানে থেকে আবেদন করে দেওয়া হবে। কোনও সার্টিফিকেটের দরকার নেই।
এই বক্তব্যের বিরুদ্ধে মতুয়া মহাসংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, ‘শান্তনু ঠাকুরের কথায় কেউ সিএএ আবেদন করছে না। এজন্যই তাঁকে পাড়ায় পাড়ায় যেতে হচ্ছে। শান্তনু ঠাকুর এগুলো নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে করছেন।’ রাজনৈতিক মহলে মতুয়া ও নাগরিকত্ব ইস্যু এখন এক বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। মানুষ নানা রকম মতামত প্রকাশ করছেন।


