শনিবার সন্ধ্যায় কেরালার হাইকোর্ট জাংশনের কাছে একটি সংহতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অংশ নেওয়ার অভিযোগে সাংবাদিক সিদ্দীক কাপ্পানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সভাটি আয়োজিত হয়েছিল সাংবাদিক রেজাজ এম শিবা সিদ্দীকের গ্রেফতারের প্রতিবাদে। তাকে সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে একটি হোটেল থেকে গ্রেফতার করে ইউএপিএ আইনে মামলা করা হয়েছে। এই সভার আয়োজন করেছিল কিছু মানবাধিকার সংগঠন। সেখানে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই) এবং ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, আয়োজকরা সভার জন্য কোচি কর্পোরেশন থেকে অনুমতি নিলেও, মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নেয়নি। এর ফলে যান চলাচল ও পথচারীদের সমস্যা হয়। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরনাকুলাম সেন্ট্রাল থানার পুলিশ শান্তিপূর্ণ সভাটি কঠোর হাতে দমন করেছে বলে অভিযোগ উঠছে।


