প্রায় ১৩ মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বিভিন্ন ভারতবিরোধী বক্তব্য ও উত্তেজনার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমন অবস্থায় ভারত বাংলাদেশে থাকা ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে সীমান্তের শহর শিলিগুড়িতে। ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে স্থানীয় হোটেলগুলো বাংলাদেশি অতিথিদের বুকিং নেওয়া বন্ধ করে দেয়। যদিও অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় ছিল।পরে আবার অস্থিরতা বাড়ায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, আলোচনা ও ভোটের মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্পাদক সন্দীপকুমার দাঁ বলেন, অধিকাংশ সদস্য এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।হোটেল মালিকদের দাবি, এই সময়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। নতুন সিদ্ধান্তে পর্যটন ও ব্যবসা আবার চাঙা হবে বলে আশা করা হচ্ছে।
Popular Categories


