এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জরুরি বৈঠক করেন। এতে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। রাহুল গান্ধিও এই বৈঠকে যোগ দেন। বৈঠকে খাড়গে অভিযোগ করেন, বিজেপি এসআইআর প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন যদি এই অভিযোগ গুরুত্ব না দেয়, তবে তা সরাসরি যোগসাজশ হিসেবেই গণ্য হবে।
কংগ্রেসের অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা থেকে আসল ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং সেখানে ভুয়ো নাম যোগ করা হচ্ছে। এ কারণে এসআইআর চলাকালীন সতর্ক থাকতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন খাড়গে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমছে এবং ঠিক সেই সময়েই নির্বাচন কমিশনের ভূমিকা হতাশাজনক হয়ে উঠছে।
বৈঠকের পর খাড়গে ‘X’-এ লেখেন, কংগ্রেস ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা কোনও রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে সংবিধান অনুযায়ী কাজ করছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৫১ কোটির মধ্যে ৫০ কোটির বেশি ভোটারকে গণনা ফর্ম দেওয়া হয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশসহ আরও কয়েকটি রাজ্য।


