পশ্চিম মেদিনীপুর জেলার জেনকাপুর হাই-মাদ্রাসার প্রধানশিক্ষক আবুজার মোহাম্মদ ফয়জুর রহমান আল কাদেরীকে ‘ভারত গৌরব রত্ন শ্রী’ সম্মান ও সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়েছে। শিক্ষা ও সমাজসেবায় তার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই সম্মান প্রদান করে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রটেকশন কমিশন’ এবং ‘ভারত গৌরব রত্ন শ্রী সম্মান পরিষদ’। অনুষ্ঠানে দেশ ও বিদেশের শতাধিক বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে শুধু শিক্ষক নন, আবুজার সাহেব একজন সক্রিয় সমাজসেবীও। তিনি বন্যার সময় খাদ্যসাহায্য পৌঁছে দেন, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনও করেন। শীতকালে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। ধর্ম, জাতি বা সম্প্রদায় ভেদ না করে সারা বছরই তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। তার কর্মজীবনের শুরু ১৯৯৭ সালে টিটাগড় উচ্চবিদ্যালয়ে। ২০১০ সালে তিনি কামারিয়া হাই-মাদ্রাসার প্রধানশিক্ষক হন। ২০২১ সাল থেকে তিনি জেনকাপুর হাই-মাদ্রাসার প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পটাশপুরের একজন পরিচিত সমাজসেবী ও খানকাহে আলিয়া কাদেরিয়া তাহেরিয়ার সাজ্জাদানাশীন হিসেবে কাজ করছেন।


