স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন তালিকায় অযোগ্য বা দাগি শিক্ষকদের সংখ্যা বেড়ে ১,৮০৬ হয়েছে। আগের তালিকায় ছিল ১,৮০৪ জন। নতুন তালিকায় তৃণমূলের চোপড়া বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুনের নামও রয়েছে। পাশাপাশি সঞ্চিতা দাস নামক আরেক অযোগ্য শিক্ষকের নামও যুক্ত হয়েছে।
অযোগ্য তালিকায় বিভিন্ন তৃণমূল নেতাদের পরিবারের সদস্যও আছেন বলে জানা গিয়েছে। পানিহাটির তৃণমূল বিধায়কের বউমা শম্পা ঘোষ, পিংলার তৃণমূল নেতা অজয় মাজি, খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতির স্ত্রী, রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ এবং বারাসাত-১ ব্লকের তৃণমূল নেতার ছেলে এর মধ্যে আছেন। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন এবং হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালি ও এই তালিকায় রয়েছেন। মধ্যরাতে নতুন তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগমের নাম যুক্ত হয়। হামিদুল বলেন, বিষয়টি এখন কোর্টে তারা নিজে দেখবেন। ২০১৮ থেকে কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করেছেন রোশেনারা। এসএসসির প্রথম তালিকায় তার নাম ছিল না, কিন্তু পরে বিতর্কের পর নাম যুক্ত হয়।


