এসএসসি-র ‘অযোগ্য’ বা ‘দাগি’ শিক্ষকদের তালিকায় এবার উঠে এসেছে ভাঙড়ের এক বিজেপি নেতার ছেলের নাম। এই খবরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য । ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর হাইস্কুলে বাংলা বিষয়ের সহ-শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন অতনু মণ্ডল। তিনি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অবনী মণ্ডলের ছেলে। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে তিনি ওই স্কুলে শিক্ষকতা শুরু করেন।
সম্প্রতি এসএসসি দ্বিতীয় দফায় ‘দাগি’ শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ২০০ নম্বরে রয়েছে অতনু মণ্ডলের নাম। কলকাতা হাই কোর্টের নির্দেশে অতনুর চাকরি বাতিল হয়। পরে সুপ্রিম কোর্টে মামলা হলে, আদালত অযোগ্য ঘোষণা হওয়া শিক্ষক-শিক্ষিকাদের সাময়িকভাবে বেতন চালু রাখার নির্দেশ দেয়। কিন্তু অতনু নাকি সেই সময় থেকে আর স্কুলে যাননি। এবার তার নাম সরাসরি ‘অযোগ্য’ তালিকায় উঠে আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে অবনী মণ্ডল ছেলের বিরুদ্ধে উঠে আসা এই অভিযোগ মানতে নারাজ।


