মন্দিরে ঢুকে পুজো করতে অস্বীকার করেছিলেন সেনার এক খ্রিস্টধর্মীয় অফিসার। ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ মানতে অস্বীকার করায় তাকে আগেই বরখাস্ত করেছিল ভারতীয় সেনা। সেই সিদ্ধান্তই এবার বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। আদালতের মন্তব্য, এমন আচরণ সেনার শৃঙ্খলার বিরুদ্ধে এবং এই ধরনের অফিসার সেনায় থাকার যোগ্য নন।
জানা গিয়েছে অফিসার স্যামুয়েল কমলেশন ছিলেন ভারতীয় সেনার তৃতীয় ক্যাভালরি রেজিমেন্টের লেফটেন্যান্ট। বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তাকে কঠোর ভর্ৎসনা করেন। প্রধান বিচারপতি বলেন, “সেনার অফিসার হয়েও শৃঙ্খলা ভেঙেছেন তিনি। এই কারণেই তার চাকরি চলে যাওয়া স্বাভাবিক।”
স্যামুয়েলের জানান, তাকে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো করতে বলা হয়েছিল, যা তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে। ওই নির্দেশ তিনি মানতে রাজি হননি। বাইরে থেকে পুষ্প অর্পণ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু ভিতরে প্রবেশ করতে চাননি। তার যুক্তি, সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালনের অধিকার দেয় এবং অন্য ধর্মীয় চর্চায় অংশ নিতে বাধ্য করা যায় না।
তবে আদালত তা মানতে নারাজ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ না মানা সেনার কঠোর শৃঙ্খলার পরিপন্থী। সহ-সৈনিকদের সামনে এর ফলে অসম্মানও হতে পারে বলেও মন্তব্য করে বেঞ্চ। সুপ্রিম কোর্ট স্যামুয়েলের আবেদন খারিজ করে দেয় এবং দিল্লি হাইকোর্টও একই মত জানিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে।


