বসে বসে বেতন গুনছেন শিক্ষক শিক্ষিকারা, স্কুলে নেই পড়ুয়া। এমনই আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ির উত্তর বোরাগাড়ি জুনিয়র হাইস্কুলে। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই স্কুল। শিক্ষকদের বক্তব্য, পড়ুয়া না থাকায় শুধুমাত্র হাজিরা দিতে হয় তাদের। বসে বসে এইভাবে মাইনে নিতে তাদের আর ভালো লাগছে না।
২০১০ সালে শুরু হয়, ধূপগুড়ি ব্লকের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর বোরাগাড়ি জুনিয়র হাইস্কুলটি। স্কুলে প্রধান শিক্ষক সহ হাতে গোনা কয়েকজন শিক্ষক নিয়ম মেনে প্রত্যেকদিন স্কুল আসেন। খোলা হয় স্কুলের অফিস ঘরের তালা, কিন্তু শিক্ষার্থীর অভাবে শ্রেণীকক্ষের তালা খোলার প্রয়োজন হয় না। শিক্ষক শিক্ষিকারা স্কুলে কিছুক্ষণ থেকে চলে যান।
শুধু উত্তর বোরাগাড়ি জুনিয়র হাইস্কুল নয়, রাজ্যের প্রায় অধিকাংশ সরকারি স্কুলগুলিতে প্রায় একই অবস্থা। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের রিপোর্ট বলছে ভিন্ন কথা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে এইরাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিক স্তর পর্যন্ত স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া। রিপোর্ট এবং বাস্তবের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে।


