জঙ্গলমহলে ফের নতুন ঢেউ তুললেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সুপ্রিমো ও ডুমরির বিধায়ক জয়রাম মাহাতো ওরফে ‘টাইগার’ । ঝাড়গ্রামের জামবনিতে বাঁদনা কর্মসূচিতে তাঁর “ইয়ে জঙ্গলমহল কে গলিও সে আওয়াজ আয়া হে… ফির সে ইনকিলাব আয়া হে” স্লোগান ইতিমধ্যেই ভাইরাল। রবিবার পুরুলিয়ার জয়পুরের গোবিন্দ মাহাতো স্টেডিয়ামে তাঁর প্রথম রাজনৈতিক সভাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। চার জেলার মানুষ—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বইছে ‘টাইগার’ জ্বর। সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিটি ব্লক থেকে সভায় অংশ নিতে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যদিও ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সংগঠন এখনও খুব বিস্তৃত নয়, কিন্তু জয়রাম মাহাতোর নামেই উন্মাদনা তুঙ্গে। পুলিশও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক। বনমহলের মানুষ এখন তাকিয়ে—এই সভা কি নতুন রাজনৈতিক সমীকরণ গড়বে, না কুড়মি আন্দোলনে আনবে নতুন দিশা?


