উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের সময় সীমা বাড়ানোর আবেদন দেশের শীর্ষ আদালত গত সোমবার খারিজ করে দিয়েছে। ফলে ৫ ডিসেম্বর, শুক্রবারের মধ্যেই সমস্ত তথ্য আপলোড করা বাধ্যতামূলক। কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, কান্দি, বহরমপুরসহ বিভিন্ন ব্লক থেকে অভিযোগ উঠেছে যে পোর্টালের সার্ভার টানা তিন দিন ধরে ঠিকমতো কাজ করছে না। অনেকেই নাম নথিভুক্ত করার পর সম্পত্তির তথ্য আপলোড করলেও জমা করা যাচ্ছে না। বারবার ‘Error while saving Waqf details’ লেখা দেখা দিচ্ছে। জেলার ইমাম-মুয়াজ্জিন নেতা নিজামুদ্দিন বিশ্বাস জানিয়েছেন, সার্ভার সমস্যার কারণে মানুষ চরম বিপাকে পড়েছেন। মসজিদ, মাজার, খানকাহ, কবরস্থানসহ বহু ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত না হলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। তিনি দ্রুত সার্ভার স্বাভাবিক করার জন্য সরকারের হস্তক্ষেপ চান। এদিকে, জেলা প্রশাসনের কিছু কর্তাব্যক্তি জানিয়েছেন, বুধবার আগের দুই দিনের তুলনায় সার্ভারের কিছুটা উন্নতি দেখা গেছে। তবে রাজ্য ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রককে একাধিকবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
Popular Categories


