বারাণসীতে গঙ্গা নদীতে নৌকার উপর আয়োজিত ইফতার পার্টিকে ঘিরে দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় আটজন মুসলিম যুবককে জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার, ১৫ মে আদালতের পৃথক দুই নির্দেশে এই জামিন মঞ্জুর করা হয়।
বিচারপতি রাজীব লোচন শুক্লা অভিযুক্তদের মধ্যে পাঁচজনের জামিনের আবেদন অনুমোদন করেন। একই দিনে পৃথক আদেশে বিচারপতি জিতেন্দ্র কুমার সিনহা বাকি তিনজন অভিযুক্তকে জামিন দেন। এর ফলে মামলায় মোট ১৪ জন অভিযুক্তের মধ্যে আটজন এখন জামিনে মুক্তি পেলেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহম্মদ আজাদ আলী, মহম্মদ তাহসিম, নিহাল আফ্রিদি, মহম্মদ তৌসিফ, মহম্মদ আনাস, মহম্মদ সমীর, মহম্মদ আহমেদ রাজা ও মহম্মদ ফয়জান। গত ১ এপ্রিল বারাণসী দায়রা আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করার পর অভিযুক্তরা হাইকোর্টের দ্বারস্থ হন।
ঘটনার সূত্রপাত গত ১৭ মার্চ। অভিযোগ অনুযায়ী, ভারতীয় জনতা যুব মোর্চা-র জেলা সভাপতি রজত জয়সওয়াল বারাণসী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, গঙ্গা নদীতে নৌকার ওপর বসে একদল যুবক চিকেন বিরিয়ানি খাওয়ার পর খাদ্যের উচ্ছিষ্ট নদীতে ফেলে দেন, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
সোশ্যাল মিডিয়ায় ওই ইফতার সমাবেশের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি দ্রুত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ধর্মীয় অনুভূতি, পরিবেশ দূষণ এবং গঙ্গা নদীর পবিত্রতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে। এর মধ্যে রয়েছে শত্রুতা উসকে দেওয়া, জন-উপদ্রব সৃষ্টি, জল দূষণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। পাশাপাশি ‘জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৭৪’-এর ধারা ২৪ অনুযায়ীও অভিযোগ আনা হয়েছে। এখনও পর্যন্ত বাকি ছয়জন অভিযুক্ত পুলিশি হেফাজতেই রয়েছেন বলে জানা গেছে।


