প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার নির্বাচিত হলে দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মঙ্গলবার কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র চৌধুরীর সমর্থনে এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ”প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন। মোদি একজন মিথ্যাবাদী এবং আমি বারবার বলছি যে মোদি মিথ্যাবাদীদের প্রধান। যদি এই লোকটি (মোদী) আবার (প্রধানমন্ত্রী হিসাবে) আসে, তবে কোনও নির্বাচন হবে না। দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী বা মহিলা প্রার্থী থাকবে না।
তিনি আরো বলেন, “আমরা কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছি না, সে মোদী বা যোগীই হোক না কেন। এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। তারা জিজ্ঞাসা করে আমরা ৭০ বছরে কী করেছি? আমরা কিছু না করলে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা (কংগ্রেস) সংবিধান তৈরি করেছি এবং গণতন্ত্র বাঁচিয়েছি বলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন।
আপনি সেই গণতন্ত্র শেষ করার চেষ্টা করছেন, সংবিধান ভাঙতে চাইছেন। এটা হবে না। দেশের দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, কৃষক এবং বুদ্ধিজীবীরা আপনাকে সংবিধান ভাঙতে দেবে না।

