জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় দিনভর প্রচারণা চালাচ্ছেন। কংগ্রেস প্রার্থীদের সঙ্গে নিয়ে দিল্লিতে তিনি রোড শো করছেন।
কেজরিওয়াল যখন আবগারি মামলায় কারাগারে গেছেন কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতারা তখন দিল্লিতে বিশাল প্রতিবাদ সভা করেছেন। এবার জামিনে বেরিয়ে কংগ্রেসের প্রার্থীদের জন্য প্রচার শুরু করেছেন তিনি।
দিল্লি, হরিয়ানা ছাড়াও কেজরিওয়াল উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও প্রচার করেছেন। প্রচারে নেমে সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করছেন।
জামিন পাওয়ার পর দিল্লিতে প্রথম রোড শো ও পরে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছিলেন, ৭৫ বছর বয়স হয়ে গেলে বিজেপি নেতাদের রাজনীতি থেকে অবসর নিতে হবে। আডবাণী, জোশী, যশবন্ত সিনহারা সেইমতো অবসর নিয়েছেন।’
‘আগামী বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদির ৭৫ বছর পূর্ণ হবে। তিনি যদি এখন আবার প্রধানমন্ত্রী হন, তাহলে তো তখন তাকে অবসর নিতে হবে। নিজের তৈরি করা নিয়ম তো তিনি ভাঙতে পারেন না। তখন অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন। আর ক্ষমতায় এলে যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেবেন মোদি’, যোগ করেন তিনি।


