সন্দেশখালির ঘটনা পরিকল্পিত রচনা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভায় তিনি বলেন, ‘‘এখানকার মহিলারা না কি খুব দুঃখে আছেন! মোদীবাবুর চোখে কান্না। কুম্ভীরাশ্রু। বিজেপি কেঁদে কেঁদে বেড়াচ্ছে, ‘মহিলাদের উপরে অত্যাচার চলছে’। জিজ্ঞাসা করুন, হাথরসের ঘটনায় কী ব্যবস্থা নিয়েছে? একটি পরিবারের ছ’জনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে। কী ব্যবস্থা নিয়েছ? দেশের গর্ব সাক্ষীকে (কুস্তিগির সাক্ষী মালিক) বিজেপি নেতারা যে ভাবে অসম্মান করেছে, তাদের এক বারও গ্রেফতার করেছ?’’
মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘সন্দেশখালির ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। নির্বাচনের আগে এ রকম দু’-একটা ঘটনা ওরা ঘটায়।’’
মুখ্যমন্ত্রীর জবাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এ বার কি উনি বলবেন, চাকরি বিক্রিও সাজানো ছিল?’ সন্দেশখালিতেও সিবিআই গিয়েছে। সব সত্যি সামনে আসবে। শাহজাহান তো সব স্বীকার করে নিয়েছেন।’’
এ ব্যাপারে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘গোটা দেশের কাছে ওঁর সন্দেশ, পশ্চিমবঙ্গে যা-ই ঘটে, তা সাজানো। যাঁরা গ্রেফতার হয়েছেন, সেই শাহজাহান, উত্তম, শিবুদের কীর্তির সময় নিরাপদ সর্দার বিধানসভায় বলেছিলেন। যদি সাজানো হবে, তা হলে তাঁর মাইক তখন কেন বন্ধ করে দেওয়া হয়েছিল?’’
ওই সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০ পার হওয়ার দাবি করেছিল, ৮০টি পার করতে পারেনি। এখন তারা (লোকসভা ভোটে) ৩০টি আসন পাওয়ার কথা বলছে। ৩০টি যদি আসন পায়, তা হলে নাকি সরকারই ভেঙে যাবে!’’ তাঁর চ্যালেঞ্জ, ‘‘আগে ১০টা আসন পেয়ে দেখাও। তার পরে ৩০টার কথা বোলো। এই সরকার ফেলা অত সহজ নয়।’’


