মালদার চাঁচলে ফের এক গর্ভবতী মহিলার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। মৃতার পরিবারের দাবি, চিকিৎসায় অবহেলার কারণেই এই মর্মান্তিক পরিণতি।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সালমা সুলতানা (২৭)। তিনি রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকার বাসিন্দা। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন তিনি। কয়েক দিন আগে প্রসব বেদনা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সন্তান প্রসব না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরিজনদের অভিযোগ, পরিস্থিতি জটিল হওয়া সত্ত্বেও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে দেরি করা হয়। তাদের দাবি, একাধিকবার চিকিৎসকদের অনুরোধ জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সালমার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার সকালে তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং হাসপাতালে ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি সামাল দিতে চাঁচল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃতার বাবা আরশাদ আলি জানান, সময়মতো সঠিক সিদ্ধান্ত নিলে হয়তো তার মেয়েকে বাঁচানো যেত। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, রোগীর শরীরে রক্তের মাত্রা কম ছিল। তাকে রক্ত দেওয়া হয়েছিল। তবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসায় কোনও ত্রুটি ছিল কি না, তা লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।


