শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক নাবিক, বহুজন আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।
ডুবে যাওয়া জাহাজটির নাম আইআরআইএস ডেনা (IRIS Dena)। এটি ইরান নৌবাহিনীর একটি মাউদ্জ শ্রেণির ফ্রিগেট। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ গলের উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি বিপদ সংকেত পাঠায়। এরপরই শ্রীলঙ্কা নৌবাহিনী ও বায়ুসেনা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
সরকারি সূত্রের দাবি, জাহাজটিতে প্রায় ১৮০ জন নাবিক ছিলেন। দুপুর পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। দীর্ঘ সময় জলে ভেসে থাকার কারণে এবং বিস্ফোরণের জেরে গুরুতর আঘাত পেয়েছেন অনেকে। আহতদের গলের কারাপিটিয়া টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও সরকারি ভাবে কিছু জানানো হয়নি, একাধিক শ্রীলঙ্কান আধিকারিকের প্রাথমিক অনুমান, সাবমেরিন থেকে ছোড়া অস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে কোন দেশের সাবমেরিন এর সঙ্গে যুক্ত, তা স্পষ্ট নয়। তদন্ত চলছে।
এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতির খবর সামনে আসে। সেই প্রেক্ষাপটে এই ডুবির ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, আইআরআইএস ডেনা সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌ সমাবেশে অংশ নিয়েছিল। প্রায় ১,৩০০ থেকে ১,৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং নৌকামানসহ আধুনিক অস্ত্র ব্যবস্থা রয়েছে।
শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধারকাজে নেমেছে তারা। তবে নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত মহাসাগরের ব্যস্ত নৌপথের কাছে এমন ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


