চিংড়িঘাটা উড়ালপুলে পরপর বাইক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। উড়ালপুলে নতুন করে রং করার জন্যই বৃষ্টির মধ্যে বাইকের চাকা পিছলে গিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এখনও পর্যন্ত রংয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। একই সঙ্গে বাইক চালানোর সময় চালকেরা ভিডিয়ো বা রিল তৈরি করছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।বুধবার বৃষ্টির মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলে দুটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। দুর্ঘটনার পর অনেকে অভিযোগ করেন, পুজোর আগে উড়ালপুলে যে রং করা হয়েছে, বৃষ্টির জলে তা পিচ্ছিল হয়ে উঠেছে। এর ফলে বাইকের চাকা পিছলে যাওয়ার আশঙ্কা বেড়েছে।বৃহস্পতিবার কলকাতা পুলিশের কমিশনার জানান, ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, উড়ালপুলে ব্যবহৃত রং পিছল আটকানোর উপযোগী। তাই শুধুমাত্র রংয়ের কারণেই বাইক দুর্ঘটনা ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো তথ্য এখনও হাতে আসেনি। দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।বাইক চালাতে চালাতে সমাজমাধ্যমের জন্য ভিডিয়ো তৈরি করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার। তাঁর বক্তব্য, গাড়ি চালানোর সময় ক্যামেরা বা মোবাইলের দিকে মনোযোগ দিলে চালকের ভারসাম্য নষ্ট হতে পারে। চিংড়িঘাটার ঘটনায় এমন কিছু ঘটেছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।দুর্ঘটনা এড়াতে উড়ালপুলে ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ির গতি কমানোর জন্য সতর্কতামূলক বোর্ড বসানো হয়েছে। পাশাপাশি রাস্তার উপর ‘ক্যাটস আই’ লাগানো হয়েছে, যাতে চালকেরা সতর্ক হয়ে গাড়ি চালান। বিশেষ করে যেসব উড়ালপুলে তীক্ষ্ণ বাঁক রয়েছে, সেগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।পুলিশ কমিশনার জানিয়েছেন, আগামী দিনে বৃষ্টি হলে নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েকটি উড়ালপুলে বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। তবে সব উড়ালপুলে একই নিয়ম চালু হবে না। উদাহরণ হিসেবে গড়িয়াহাট সেতুর কথা উল্লেখ করে তিনি জানান, সেটি সোজা রাস্তা হওয়ায় সেখানে একই ধরনের বিধিনিষেধের প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার লালবাজারে কলকাতা পুলিশের ‘বন্ধু কলকাতা’ উদ্যোগের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অজয় নন্দ। পুজোর সময় হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেতে সাহায্য করাই এই উদ্যোগের লক্ষ্য। ওই অনুষ্ঠানেই চিংড়িঘাটা উড়ালপুলের দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না পুলিশ।
রঙ নয়, রিলের কারণেই এক্সিডেন্টের সম্ভাবনা, বললেন সিপি! গা বাঁচাতে কি এমন উক্তি? প্রশ্ন বিরোধীদের
Popular Categories

