২৬ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে সক্রিয় হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাস জুড়ে তিনি রাজ্যের একের পর এক জেলায় গিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালনের পরদিন থেকেই এই রাজ্যজোড়া সফর শুরু করবেন তিনি। প্রথম কর্মসূচি রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। পুরো জানুয়ারি মাসে কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গ, এভাবেই চলবে অভিষেকের রাজনৈতিক সফর। মাঝামাঝি সময়ে কলকাতাতেও তার কর্মসূচি রয়েছে। দলীয় সূত্রের দাবি, এই মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে রাজ্যের অধিকাংশ জেলাতেই পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।
এর আগেও লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে ‘নবজোয়ার’ কর্মসূচি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই বার সেই কর্মসূচির সঙ্গে নতুন সফরের বেশ কিছু পার্থক্য থাকছে। এক জায়গায় দীর্ঘ সময় না থেকে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই মূল লক্ষ্য।
শনিবার বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নতুন স্লোগান ও লোগো প্রকাশ করেছে। সেই স্লোগানকে সামনে রেখেই জানুয়ারির কর্মসূচি ঠিক করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছেন, এই সফরের উদ্দেশ্য হল গত ১৫ বছরে রাজ্য সরকারের কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরা।
দক্ষিণ ২৪ পরগনার পর তিনি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে যাবেন। এরপর আবার দক্ষিণবঙ্গে ফিরে বীরভূমে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। উত্তর দিনাজপুর ও মালদা সফরের পর নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় সভা করার কথা রয়েছে তার। এই সব অঞ্চলে মতুয়া ভোটারের সংখ্যা বেশি হওয়ায় কর্মসূচিগুলিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোচবিহার, তমলুক, মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান এবং হাওড়াতেও কর্মসূচি রয়েছে অভিষেকের। মাসের শেষ দিকে হাওড়ার গ্রামীণ ও সদর এলাকায় সভা করে জানুয়ারির সফর শেষ করার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই সফরের মাধ্যমে তৃণমূল নেতৃত্ব ভোটের আগে সংগঠনকে আরও স্বতঃস্ফূর্ত করতে চাইছে।


