স্ত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ার অপরাধে অভিযুক্ত স্বামী শেখ আব্বাস ১৪ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা দিল আদালত। ২০২৪ সালের ২৪ জুন, রাজীবপুর দুর্গাপুর পশ্চিম পাড়ায় নৃশংস ঘটনাটি ঘটে। নিজের বাড়িতেই স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দেয় আব্বাস। ঘটনার পরদিন গৃহবধূর ভাই পূজালী থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ মামলা রুজু করে এবং তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর বাদল বসু। তিনি ঘটনার সমস্ত তথ্য ও প্রমাণ জোগাড় করে ১৭ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এরপর শুরু হয় কোর্টে ট্রায়াল। সরকারি পক্ষের বিশেষ উকিল অনির্বাণ গুহঠাকুরতার নেতৃত্বে মামলা চলে। সব দিক বিবেচনা করে আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফার্স্ট ট্র্যাক (সপ্তম) আদালত সোমবার রায় ঘোষণা করেন। আদালত জানায়, এমন অপরাধ সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য। আদালতের এই রায়ে গৃহবধূর পরিবার সাময়িক স্বস্তি পেয়েছে বলে জানিয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ দুইই ছড়িয়ে পড়েছে। অনেকেই কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন।


